দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং বিদ্যুৎ খাতে টেকসই রূপান্তরের লক্ষ্যে রুফটপ সোলার প্রযুক্তিকে দ্রুত জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে নাগরিক সমাজ ও কমিউনিটি প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত এক মোবিলাইজেশন কর্মসূচি ও মানববন্ধনে এ দাবি উত্থাপন করা হয়। কর্মসূচির আয়োজন করে Zarang Kalyan Samity, Forum on Ecology and Development Rangamati (ফেড-রাঙ্গামাটি), CLEAN-Coastal Livelihood and Environmental Action Network (ক্লিন) এবং সহযোগী সংগঠনসমূহ। এতে স্থানীয় সাংবাদিক, যুব প্রতিনিধি, নারী নেত্রী ও পরিবেশকর্মীরা সংহতি প্রকাশ করেন।
সমাবেশে ফেড-রাঙ্গামাটির সদস্য কবি শিশির চাকমা বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয়ভাবে ব্যয়বহুল ও আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ায় দেশের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি হয়েছে। অথচ রুফটপ সোলার একটি পরিচ্ছন্ন, সহজলভ্য ও তুলনামূলক কম ব্যয়বহুল সমাধান হওয়া সত্ত্বেও তা নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

কবি আনন্দ জ্যোতি চাকমা বলেন, রুফটপ সোলার কেবল বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নয়; এটি ‘জ্বালানি গণতন্ত্র’ প্রতিষ্ঠার সুযোগ। ইউনিয়ন পরিষদ ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাজারের অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন করা গেলে স্থানীয় পর্যায় থেকেই জ্বালানি বিপ্লব শুরু করা সম্ভব।
Transparency International Bangladesh (টিআইবি)-এর জেলা সমন্বয়কারী বেনজিন চাকমা বলেন, গ্রামীণ ও শহরাঞ্চলে বিপুল পরিমাণ ছাদ অব্যবহৃত রয়েছে। সেখানে পরিকল্পিতভাবে সৌর প্যানেল স্থাপন করলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির নির্ভরতা হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
সংহতি বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ স্থানীয় পর্যায়ে দক্ষ টেকনিশিয়ান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি করবে। নারী ও নিম্নআয়ের পরিবারগুলোর জন্য কমিউনিটি-ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা একটি ন্যায্য জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১) স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রুফটপ সোলার সম্প্রসারণে সুনির্দিষ্ট নীতিগত ও আর্থিক বরাদ্দ প্রদান;
২) সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনের ছাদে বাধ্যতামূলক সৌরবিদ্যুৎ স্থাপন;
৩) সাধারণ মানুষের জন্য সহজ শর্তে ঋণ, ভর্তুকি ও কারিগরি সহায়তা নিশ্চিতকরণ;
৪) নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন নিশ্চিত করা;
৫) জীবাশ্ম জ্বালানিনির্ভর মেগা প্রকল্পের পরিবর্তে স্থানীয়ভাবে বাস্তবায়নযোগ্য নবায়নযোগ্য জ্বালানির রোডম্যাপ প্রণয়ন।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (ফেড-রাঙ্গামাটি)-এর সভাপতি মুজিবুল হক বুলবুল সমাপনী বক্তব্যে বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে তা টেকসই হবে। এখনই রুফটপ সোলারকে জাতীয় অগ্রাধিকার না দিলে দেশ পুনরায় ব্যয়বহুল ও পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি সংকটে পড়তে পারে।
উল্লেখ্য, ‘দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান—সানরাইজ’ শীর্ষক প্রকল্পটি ক্লিনের সহায়তায় পার্বত্য জেলায় বাস্তবায়ন করছে জাবারাং কল্যাণ সমিতি। স্থানীয় সুশীল সমাজের প্ল্যাটফর্ম হিসেবে ফেড-রাঙ্গামাটি এ উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত