খুলনার পাইকগাছায় ২০২৫ সালের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে উপজেলা প্রশাসনের কঠোর তদারকির মধ্য দিয়ে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি সরেজমিনে কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষাকে নকলমুক্ত ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে ইউএনও জানান, শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য কেন্দ্রগুলোর চারপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ১,১৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ৭৭৯ জন এবং অনুপস্থিত ছিল ৩৭১ জন।
উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।
নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পরবর্তী পরীক্ষাগুলো যথাক্রমে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত