সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়ড়া চরপাড়া বুড়ির বিল কালভার্ট হয়ে চলাচলে কষ্ট করতে হয়। প্রায় ত্রিশ বছর আগের ছোটো কালভার্ট ভেঙ্গে চলাচল সুবিধায় সেখানে নতুন কালভার্ট নির্মাণ করা হয়েছে। প্রায় দুই বছর আগে নির্মাণ করা কালভার্টটির এক পাশে মাটি নেই। তাই চলাচল সুবিধা হয়নি। এলাকার লোকজনের চলাচলে কষ্ট আর দুর্ভোগ ভোগান্তির অবসান হয়নি। এখন কালভার্টটি হয়ে বাহন নিয়ে চলাচল করা যায় না।
উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া চরপাড়া গ্রামের বুড়ির বিল খালে গ্রামবাসীদের পারাপার ও চলাচল সুবিধায় প্রায় ত্রিশ বছর আগে ছোটো একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিলো। কয়ড়া চরপাড়া গ্রামের বুড়ির বিল খালের পূর্ব পাড়ের বহু সংখ্যক বসতি পরিবার আছে। এদের বেশীর ভাগ আবাদী জমি বুড়ির বিল খালের আরেক পাশের দুটি মাঠে বলে জানা গেছে।
গ্রামের বসতিদের বুড়ির বিল খাল পার হয়ে এপার - ওপার চলাচল ও বিভিন্ন বাহনে সহজে মাঠ থেকে ফসল বাড়ী নিতে সে সময় কালভার্টটি নির্মাণ করা হয়। সে কালভার্ট নীচু ও ছোটো করে নির্মাণ করায় বর্ষাকালে ডুবে থাকতো। আর শুকনোকালে সে সময় কালভার্টের দুপাশে সড়কে মাটি না থাকায় চলতে দুর্ভোগ ও কষ্ট হতো।
জানা গেছে প্রায় দুই বছর আগে জনগণের কষ্ট ও দুর্ভোগের অবসানে সরকারী টাকায় পুরানো কালভার্টটি জায়গায় কিছুটা বড় করে নতুন কালভার্ট নির্মাণ করা হয়। সে সময় কালভার্টটির এক পাশে মাটি ফেলে উচু সড়ক করা হয়নি।
এরপর বিগত ২০২৩ - ২০২৪ অর্থ সালে উপজেলা পরিষদ থেকে এডিপি প্রকল্পে কালভার্টটির দুপাশে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্যালাসাইডিং নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৩ লাখ ৫৫ হাজার টাকা। সরেজমিনে গিয়ে দেখা ও জানা গেছে প্রায় এক বছর আগে প্যালাসাইডিং নির্মাণ কালে সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়নি।
কয়ড়া চরপাড়া গ্রামের আলহাজ্ব জাহিদুল ইসলাম , শহিদুল ইসলাম ও আরো কয়েকজন বলেন আগের কালভার্টটি ছিলো ছোটো। নির্মাণের পর বছরের পর বছর গেলেও আর দুপাশে মাটি ফেলে সড়ক করা হয়নি। সেখানে পুরানোটি ভেঙ্গে নতুন করে আকারে কিছুটা বড় কালভার্ট নির্মাণ করা হলেও সমস্যার আর সমাধান হয়নি। গোটা তিনেক বস্তায় মাটি ভরে কালভার্টটিতে উঠা নামার ব্যবস্থা করা হয়েছে। কালভার্টটির এক পাশে মাটি ফেলে উচু করে প্রায় ষাট ফুট সড়ক নির্মাণ করা হলে তাদের সব কষ্ট , দুর্ভোগের অবসান হবে।
কয়ড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) আবদুল্লাহ আল মাসুদ রানা বলেন বুড়ির বিল কালভার্ট হয়ে সহজে চলাচল ও বাহনে ফসল বাড়ী নিতে সেখানে মাটি ফেলে উচু সড়ক নির্মাণ করার কথা গ্রামের জনগণ তাকে প্রায়ই বলছেন। প্যালাসাইডিং নির্মাণকালে তিনি আশা করেছিলেন মাটি ফেলে উচু সড়ক করা হবে।
তিনি সড়ক নির্মাণ একটি প্রকল্প ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন অফিসে জমা দেবেন। তিনি পাশাপাশি এখন এও ভাবছেন নিজের টাকায় কালভার্টটির পাশে মাটি ফেলে উচু সংযোগ সড়ক করে দেবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত