সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ নির্ভর বোরো ( ইরি ) ধান ফসলের আবাদে জমিতে পানি সেচে বেশী সময় সেচ মেশিনগুলো চালু রাখতে হচ্ছে। এখন দিনের বেশী সময় আবহাওয়ায় গরম ভাব থাকছে। বোরো ধান জমিতে পানি চাহিদা বেড়েছে। সব মিলিয়ে সেচ মেশিনগুলো দিন রাতের বেশী সময় চালু রেখে জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে এবারের মৌসুমে গোটা উপজেলায় ৩০ হাজার ৩৭০ হেক্টর পরিমাণ জমিতে বোরো ধান ফসলের আবাদ হয়েছে। বিভিন্ন এলাকায় মাঠে আগাম করে লাগানো পুরোপুরি সেচ নির্ভর বোরো ধান ফসলে ছড়া বেরিয়েছে। আবার ছড়া বেরুচ্ছে। অনেক এলাকায় মাঠের বোরো ধান ফসল এখন কাইচ থোড় বলে জানা গেছে।
এদিকে অনেকদিন হলো ভারী কিংবা হালকা তেমন কোনো বৃষ্টি হয়নি। বোরো ধান জমিতে এখন পানি বেশী লাগছে। তাই সেচ মেশিনগুলো জমির ধান ফসলের পানির চাহিদায় বেশী সময় চালু রাখা হচ্ছে।
সরেজমিনে সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা , বাখুয়া ও সলঙ্গা ইউনিয়নের গোজা , জগজীবনপুর মাঠে বোরো ধান আবাদ করা অনেক কৃষক ও সেচ মেশিন মালিকদের সাথে কথা বলে জানা গেছে পানির চাহিদা মেটাতে দিনের মধ্য বেলা বাদ রেখে বেশ গভীর রাত অবধি ও ভোর বেলা থেকে দিনের দুপুরের আগ বেলা অবধি সেচ মেশিনগুলো চালু রেখে পানি সেচ দেওয়া হচ্ছে।
সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের সেচ মেশিন মালিক ইয়াকুব আলী , আছমত প্রামানিক ও আঃ লতিফ বলেন পানির চাহিদা মেটাতে বেশী সময় সেচ মেশিন চালু রাখতে হচ্ছে। এলাকায় ভারী বৃষ্টি হলে সব দিক থেকেই উপকার হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন আবহাওয়ায় কিছুটা গরম ভাব চলছে। এখন বোরো ধান আবাদ করা জমিগুলোয় সেচ দিয়ে পানি আটকে ( ধরে ) রাখতে হবে। জমিগুলোয় পানি থাকা না থাকা খেয়াল রাখতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত