এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নববিবাহিত স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়া, হামলা, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাদির (২২) নামে এক যুবক।
লিখিত অভিযোগে তিনি জানান, প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে তানজিনা রহমান সাদিয়াকে বিয়ে করেন।
তবে মেয়ের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় প্রায় ২ মাস আগে তার স্ত্রী স্বেচ্ছায় তার বাড়িতে চলে আসেন। এরপর থেকেই অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, সোমবার (১৩ জুলাই) দুপুরে স্ত্রী ও স্বজনদের নিয়ে সিএনজিযোগে দাওয়াতে যাওয়ার পথে নারায়ণপুর এলাকায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির গতিরোধ করে হামলা চালায়।
এতে আব্দুল কাদিরসহ ৫ জন আহত হন। হামলার সময় এক নারীর গলার প্রায় দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং তার স্ত্রী তানজিনা রহমান সাদিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ১ নম্বর বিবাদী মো.খোকন মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, আজ লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সংবাদটি অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত