এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরগর-ব্রাহ্মণবাজার সড়কে সড়ক দুর্ঘটনায় আশিকুর রহমান আশিক (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিঙ্গাজিয়া এলাকার লংলা সাইনবোর্ড মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান আশিক কমলগঞ্জ উপজেলার শমশেরনগরস্থ ‘ঈগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন’ ও ‘কুমিল্লা রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী। তিনি পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য নোওয়াগাঁও গ্রামের জব্বার মিয়ার ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আশিক মিয়া রোববার সকালে শমশেরনগর বিমানঘাঁটি এলাকা থেকে মাছ বোঝাই একটি পিকআপযোগে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। তিনি চালকের পাশে বসা ছিলেন। পথিমধ্যে লংলা সাইনবোর্ড মসজিদের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে পিকআপটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আশিক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতর আটকা পড়েন।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার ফেরদৌস মিয়ার নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার বিকেল ৬টায় ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে আশিক মিয়াকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তরুণ উদ্যোক্তা ও সমাজে সুপরিচিত ব্যবসায়ী আশিকুর রহমান আশিকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত