কয়রায় উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে পিপিআই/পিপিইউ প্রকল্পের আওতায় বাগালী শাখায় উচ্চমূল্যের নিরাপদ সবজি চাষ বিষয়ে এক অনাবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী হুমায়ুন কবির, শাখা ব্যবস্থাপক আবুবক্কর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মাফুজুর রহমান, সহকারী কারিগরি কর্মকর্তা তানভির রহমান এবং কৃষি উদ্যোক্তা হাসিবুর রহমান আবিদ। এছাড়া বাগালী ইউনিয়নের কৃষাণী সদস্যরাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নিরাপদ ও উচ্চমূল্যের সবজি উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জমি প্রস্তুত, রোগ–বালাই দমন এবং পরিবেশ–বান্ধব উপায়ে ফলন বৃদ্ধির নানা কৌশল তুলে ধরা হয়। বক্তারা বলেন, পরিবর্তিত আবহাওয়া ও বাজার চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিরাপদ উৎপাদন পদ্ধতি এখন সময়ের দাবি।
এসময় জানানো হয়, উন্নয়ন প্রচেষ্টা শুধু অতি দরিদ্র মানুষের ঋণসেবা নয়; কৃষি, প্রাণীসম্পদ, মৎস্য, স্বাস্থ্য ও কমিউনিটি মবিলাইজেশন—এই পাঁচটি ইউনিটের মাধ্যমে সংস্থাটি দীর্ঘদিন ধরে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। আত্ম–সামাজিক উন্নয়ন, স্বাবলম্বীকরণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানে সংস্থাটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন বক্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষাণীরা বলেন, এ ধরনের কার্যক্রম মাঠপর্যায়ে কৃষি জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়তা করে, যা ভবিষ্যতে নিরাপদ ও লাভজনক সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত