নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার নিহতের ভাই সুমন মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে আমতলা গ্রামের আবু বকর ওরফে জানিক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এতে এজাহারভুক্ত ২৩ জনসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে বিবাদীরা তার চাচা নূরুল ইসলামের স্বত্বভুক্ত জমি ভেকু মেশিন দিয়ে ভরাট করে দখলের চেষ্টা চালায়।
এতে বাধা দিলে তর্কাতর্কির একপর্যায়ে মৃত শামসুদ্দিনের স্ত্রী হাদিসা আক্তারের নির্দেশে বিবাদীরা হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।
এ সময় সোমা আক্তারের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার চার দিন অতিবাহিত হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে নিহতের পরিবারের পক্ষে এলাকাবাসীর ব্যানারে দুই দফা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত