মজিবুর রহমান, নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মাইন উদ্দিন নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) বিকালে 'দুর্গাপুর মোড়' থেকে কয়েক শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে নওপাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউন শেষে তিনি জুড়াইল ও বর্মনপাড়াসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শত শত নেতা-কর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। দলের রাজনৈতিক দুঃসময়ে মাঠপর্যায়ে তিনি এক বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
স্থানীয় সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্ব ও দিকনির্দেশনায় রাজপথের লড়াই-সংগ্রামে তিনি ছিলেন সামনের সারিতে।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাঁকে জননিরাপত্তা আইনসহ অন্তত ১৮টি রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়েছে।
কাটাতে হয়েছে দীর্ঘ কারাজীবন এবং পার করতে হয়েছে ফেরারি জীবন। এ কারণে শুধু তিনিই নন, তাঁর পুরো পরিবারকেই পোহাতে হয়েছে নানা নির্যাতন ও দুর্ভোগ।
দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, হামলা-মামলা ও আর্থিক ক্ষতির স্বীকৃতিস্বরূপ তিনি এবার ৯নং নওপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশী। বর্তমানে তিনি সাধারণ জনগণের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক সমর্থন ও সাড়া পাচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মাইন উদ্দিন বলেন,
"বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কাজ করতে গিয়ে বারবার হামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। ১৮টি মামলার আসামি হয়ে জীবনের মূল্যবান সময় কাটাতে হয়েছে ফেরারি হিসেবে।
দীর্ঘদিন কারাবাসও করেছি, তবুও রাজপথ ছেড়ে যাইনি। বর্তমানে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ ও সমর্থন দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ, দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে মনোনয়ন দেয়, তবে বিপুল ভোটে জয়লাভ করব।
আর চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকায় সব ধরনের মাদক ও জুয়া খেলা সম্পূর্ণ বন্ধ করব এবং শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে একটি সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলব।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত