মজিবুর রহমান, নেত্রকোণাঃ নেত্রকোণার কেন্দুয়ায় নির্যাতন, ভরণপোষণ না দেওয়া, টাকা আত্মসাৎ ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন ৭৫ বছর বয়সী এক মা।
মামলা করার পর অভিযুক্ত ছেলের সহযোগীদের বিরুদ্ধে বাদী এবং তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার ( ২ সেপ্টেম্বর) বিকালে কেন্দুয়া প্রেসক্লাবে এসে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আশঙ্কার কথা জানায়।
ভুক্তভোগী মোছা. আবেদা আক্তার (৭৫) কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামের মৃত তৈয়ব আলীর স্ত্রী।
অভিযুক্ত তাঁর ছোট ছেলে মশিউর রহমান নয়ন। সম্প্রতি একটি চুরি মামলায় জেল হাজতে রয়েছে নয়ন। অভিযোগে আবেদা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে ছেলে তাঁকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন এবং কোনো ভরণপোষণ দেন না।
ভরণপোষণ চাইলে তাঁকে মারধরের চেষ্টা করা হয় এবং বসতবাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। উল্টো ছেলে প্রায়ই তাঁর কাছে টাকা দাবি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, তাঁর বসতবাড়ির সামনে থাকা প্রায় ৫০ হাজার টাকা মূল্যের দুটি রেন্টি গাছ বিক্রি করে দিয়েছেন নয়ন।
গত ৩০ আগস্ট সকাল ১০টার দিকে জমি বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা তাঁর অগোচরে নিয়ে যান এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। এতে বাধা দিতে গেলে লাঠিসোঁটা নিয়ে তাঁকে মারতে উদ্যত হন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
অভিযোগে আরও বলা হয়, সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বসতঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।
এদিকে, ছেলের বিরুদ্ধে মায়ের মামলা করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত নয়নের সহযোগী কলিন উদ্দিন গংরা বাদী আবেদা আক্তার ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন বৃদ্ধা মা ও তাঁর স্বজনরা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাদী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
আবেদার বড় ছেলে বিল্লাল মিয়া বলেন, তার ছোট ভাই নয়নের বিরুদ্ধে মা মামলা করায় ক্ষিপ্ত হয়ে তার সহযোগী কলিম উদ্দিনসহ আরও কয়েকজন তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
প্রাণভয়ে তারা এখন বাড়িতে যেতে পারছে না। এদিকে এসব অভিযোগ অস্বীকার করে কলিম উদ্দিন বলেন তারা বলছে সব মিথ্যা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত