মজিবুর রহমান,নেত্রকোণা : মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে কেন্দুয়া হরিসভা দুর্গা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
পরে কেন্দুয়া সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি অনিল চন্দ্র ভদ্র। সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক সজল কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঞা মজনু এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক অধ্যাপক দুলাল কান্তি চৌধুরী।
বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও ন্যায়, সত্য, মানবতা ও শান্তির শিক্ষার কথা তুলে ধরে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপনের আহ্বান জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত