মজিবুর রহমান, নেত্রকোনা :নেত্রকোনার কেন্দুয়ায় মাদ্রাসা পুকুর পাড়ে এসএস পাইপের বৈদ্যুতিক খুঁটিতে হাত দিয়ে প্রাণ গেল হাফেজ আব্দুল বাসির রনি (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র।
এ ঘটনাটি শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কেন্দুয়া পৌর এলাকার দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসায় ঘটে।
নিহত হাফেজ রনি দিগদাইর জামিয়া ইসলামিয়া রাশিদিয়া মাদ্রাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন। তিনি উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
সূত্রে জানায়, শুক্রবার ভোররাতে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে অজু করতে পুকুর ঘাটে যান রনি। এসময় ল্যামপোস্ট লাইটের এসএস পাইপের খুঁটিতে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা শহিদ মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসন বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দিয়েছে।
রনির অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। মাদ্রাসার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ফজরের নামাজের সময় অজুখানার সুইচ অন করতে গিয়ে রনি বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত