মজিবুর রহমান: নেত্রকোণার কেন্দুয়ায় ‘প্রকৃতি, জীববৈচিত্র্য ও আমাদের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে লোকজ সাহিত্য আসরের ধারাবাহিক সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে ব্যতিক্রমী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বিচারে গাছ কাটা, পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া এবং বিভিন্ন প্রজাতির প্রাণী-পাখির আবাসস্থল সংকুচিত হয়ে আসায় জীববৈচিত্র্য নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এ অবস্থায় প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।
সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিছুর রহমান।
প্রধান আলোচক আনিছুর রহমান তাঁর বক্তব্যে জীববৈচিত্র্য, পরিবেশ ও পরিবর্তিত সামাজিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বিভিন্ন প্রজাতির পশু-পাখির পরিসংখ্যান, বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় প্রাণীসম্পদ এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণী ও উদ্ভিদ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো প্রজাতি হারিয়ে গেলে তার প্রভাব পুরো পরিবেশব্যবস্থার ওপর পড়ে। তাই জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণও খুবই জরুরি।
জ্যেষ্ঠ সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিল বাহার খান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, শিক্ষক ও কবি শাহাবুল করিব ভূইয়া, হাবিবুর রহমান, সাংবাদিক রোকন উদ্দিন ও শিশু কবি মারুফসহ অনেকে।
বক্তারা বলেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করা শুধু পরিবেশের প্রতি দায়িত্ব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করারও দায়িত্ব।
জলাশয়, গাছপালা, পাখি ও দেশীয় প্রাণী সংরক্ষণে স্থানীয়ভাবে সচেতনতা ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার দাবি জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত