মজিবুর রহমানঃ নেত্রকোনায় পরিত্যক্ত জমি থেকে মারুফ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।
মারুফ মিয়া জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের মৃত আব্দুল হালিম ও আলেয়া বেগমের ছেলে। তার স্ত্রীর নাম হাফসা খাতুন। মারুফ মিয়ার শ্বশুরবাড়ি নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাজে আমলি গ্রামে।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশি অনুসন্ধানে তার পরিচয় নিশ্চিত করা হয়।
প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রথমে পরিচয় অজ্ঞাত থাকলেও পরে তা শনাক্ত হয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত