খাগড়াছড়ি জেলায় সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহনশীলতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় আন্তঃধর্মীয় ও আন্তঃসাম্প্রদায়িক শান্তি বিনির্মাণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ডিএপি (DAP) কমিটির উপদেষ্টা ও হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে এবং দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার পরশ চাকমার সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা উথান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের জেলা সমন্বয়কারী বীর মোহন ত্রিপুরা, ডাক আলো সোসাইটির প্রতিনিধি শাক্য সিংহ চাকমাসহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ ২০০২ সাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কুষ্ঠ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে কুষ্ঠরোগ প্রতিরোধ, রোগী শনাক্তকরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং কুষ্ঠে আক্রান্ত ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে কাজ করে আসছে।
আলোচনায় বক্তারা বলেন, কুষ্ঠরোগী, প্রতিবন্ধী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তাদের কার্যকর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে খাগড়াছড়িতে ডিএপি কমিটি ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন সচেতনতামূলক ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
বক্তারা আরও বলেন, বহুধর্মীয় ও বহুজাতিক পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সংহতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ ও অংশগ্রহণমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একই সঙ্গে কুষ্ঠরোগ ও প্রতিবন্ধিতা সম্পর্কে বিদ্যমান সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত