খাগড়াছড়িতে "আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়" প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে ‘আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, খাগড়াছড়ি’-এর আয়োজনে এবং এএলআরডি, বিএনপিএস, দুর্বার নেটওয়ার্ক কর্মসূচি ও নারীপক্ষের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, ওইমেন এক্টিভিস্ট ফোরাম, মিলনপুর মহিলা সমিতি, ওয়াইডব্লিউসিএ, জাবারাং কল্যাণ সমিতি, উইমেন রিসোর্স নেটওয়ার্ক (ডব্লিউআরএন), তৃণমূল উন্নয়ন সংস্থা, বাদাবন সংঘ, আগাপে, খয়াংদং পাড়া নারী কল্যাণ সমিতি, স্বর্ণতারা মহিলা সমিতি, আনন্দ, আলো, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ)সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি ও নারী অধিকারকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা নারীর সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদানের নিশ্চয়তার দাবি জানিয়ে ১১ দফা উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল— নারীর প্রতি সংঘবদ্ধ সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক বা অধিকারভিত্তিক কমিটি, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান উপস্থিতি ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
মানববন্ধন শেষে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, কাবিদাং-এর নির্বাহী পরিচালক লালসা চাকমা, মিলনপুর মহিলা সমিতির সভানেত্রী ত্রিনা চাকমা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের প্রতিনিধি স্বপ্না চাকমাসহ অন্যান্যরা।
সংবাদ সম্মেলনে বক্তারা নারীর অধিকার, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে নীতিগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সকল মহলের সমন্বিত উদ্যোগ কামনা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত