খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো গারো জনগোষ্ঠীর একটি পাড়ার সন্ধান পাওয়া গেছে। জেলার রামগড় সদর উপজেলার দাড়োগা পাড়ায় অবস্থিত এই বসতিতে বর্তমানে ২২টি গারো পরিবার বসবাস করছে।
জানা গেছে, পাড়াটির বাসিন্দারা এখনো নিজেদের মাতৃভাষা ধরে রাখলেও সংস্কৃতির অন্যান্য দিক থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি, আচার-অনুষ্ঠান ও জীবনযাত্রার নানা উপাদান ধীরে ধীরে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের একটি টিম বিশেষ একটি কাজে এলাকায় গিয়ে এ তথ্য সংগ্রহ করে। এ সময় ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গারো জনগোষ্ঠীর এই পরিবারগুলো দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করলেও তাদের সাংস্কৃতিক চর্চা ও পরিচিতি তেমনভাবে সামনে আসেনি। ফলে মূলধারার সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে তাদের সংযোগও সীমিত।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ জরুরি। বিশেষ করে সাংস্কৃতিক প্রশিক্ষণ, উৎসব আয়োজন, গবেষণা কার্যক্রম এবং শিশু-কিশোরদের সম্পৃক্ততার মাধ্যমে তাদের সাংস্কৃতিক পুনর্জাগরণ সম্ভব।
এ বিষয়ে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়, গারো জনগোষ্ঠীর এই পাড়াটি নিয়ে ভবিষ্যতে আরও তথ্য সংগ্রহ এবং তাদের সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের ফেসবুক পেইজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত