আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ (প্রথম রাউন্ড) সফল বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জেলার সকল ইপিআই কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
কোনো শিশু নির্ধারিত দিনে বাদ পড়লে পরবর্তীতে নিকটস্থ রুটিন ইপিআই কেন্দ্র থেকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করতে পারবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি জেলায় এবারের ক্যাম্পেইনে মোট ১ লাখ ৩ হাজার ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৭৭৫ জন শিশুকে এক লাখ আইইউ সমৃদ্ধ নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৩১০ জন শিশুকে দুই লাখ আইইউ সমৃদ্ধ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় আরও জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা, ১টি পৌরসভা, ৩৮টি ইউনিয়ন ও ১১৭টি ওয়ার্ডে ক্যাম্পেইন পরিচালিত হবে। এ লক্ষ্যে ১০টি স্থায়ী ও ৯৩৬টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ৯৪৬টি কেন্দ্রে সেবা প্রদান করা হবে।
সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. জয়া চাকমা, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাজু মিয়া, সিনিয়র সাংবাদিক আবু তৈয়বসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিশুদের অপুষ্টিজনিত সমস্যা ও ভিটামিন ‘এ’-এর ঘাটতি প্রতিরোধে অভিভাবকদের নির্ধারিত দিনে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এতে সহযোগিতা করছে World Health Organization।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত