খাগড়াছড়ি জেলা তথ্য অফিসারের আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নে সারা দেশের মতো খাগড়াছড়িতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।
খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের জানান, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে এবং ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুর জন্য বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
খাগড়াছড়িতে মোট ১,৬৭,৩৬৭ জন শিশু ও কিশোর এই টিকা পাবে। স্কুল পর্যায়ে ১,২২,৬৮৬ জন এবং স্কুল বহির্ভূত ৪৪,৬৮১ জনকে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের জন্য নির্ধারিত বয়সী শিশুরা ও শিক্ষার্থীরা ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করবেন।
সভায় ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (মাঠ প্রচার) মাসরিয়াত জাহান বর্ষা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত