ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কৃতী চাকমা, সংগঠনের সাবেক সভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা ও সাবেক সাধারণ সম্পাদক সূর্য ব্রত ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক রঞ্জন ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধনা ও বই বিতরণ আয়োজক কমিটির আহ্বায়ক হিকোময় ত্রিপুরা এবং মানপত্র পাঠ করেন সদস্য সচিব লিপা ত্রিপুরা।
বক্তারা বলেন, জাতির টিকে থাকা ও উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে সচেতন থাকার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় কমিটির মাধ্যমে একাদশ শ্রেণির ১৫০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত ১৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় সদর উপজেলার অন্যান্য কৃতী শিক্ষার্থীদের ফুল ও মানপত্র দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত