"নিরাপদ থাকি, নিরাপদ রাখি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদ বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরস্থ মধ্যবেতছড়ি হিলস্ গার্ডেন এন্ড এগ্রো ফার্মের সহযোগিতায় নিরাপদ কৃষি বলয়ের আয়োজনে এই কর্মশালাটি আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচার নেটওয়ার্ক (বোয়ান)-এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি পাহাড়ের প্রকৃতি অক্ষত রেখে কীভাবে পরিবেশবান্ধব ও নিরাপদ চাষাবাদ করা যায়, রাসায়নিক কীটনাশকের পরিবর্তে গরুর গোবর থেকে তৈরি জৈব সার ও স্প্রে ব্যবহারের কৌশল এবং অন্যান্য প্রকৃতিবান্ধব পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
হিলস্ গার্ডেন এন্ড এগ্রো ফার্মের পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বাবুর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন ৪নং কমলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য রিপন চাকমা, পরিবেশ কর্মী সুশান্ত চাকমা, সমাজকর্মী জিহাদ আবেদিন এবং নিরাপদ কৃষি বলয়ের কর্মী মো. শহিদুল ইসলাম, বেলাল চৌধুরী ও কিশোর চাকমা।
মুক্ত আলোচনায় বক্তারা পরিবেশবান্ধব চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় কৃষকদের কৃষিকাজে নতুন ও কার্যকরী পদ্ধতি গ্রহণের জন্য উৎসাহিত করেন। কর্মশালায় অংশ নেওয়া কৃষকরা পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত