খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, “মাছ উৎপাদন বাড়ানো হলে আমাদের স্থানীয় চাহিদা পূরণ হবে এবং আমাদের দেশ আরও সুন্দর ও সমৃদ্ধ হবে।”
সপ্তাহের উদ্বোধন রঙিন বেলুন উড়িয়ে করা হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, খাগড়াছড়িতে মাছের চাহিদার অর্ধেকেরও কম স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। ফলে প্রতিবছর পার্শ্ববর্তী জেলা থেকে মাছ আমদানি করতে হচ্ছে। এই ঘাটতি পূরণে আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি নির্ভর খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তারা।

জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ ও পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা।
মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে পোনা অবমুক্তকরণ, খামারিদের প্রশিক্ষণসহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানায় জেলা মৎস্য অধিদপ্তর অফিস।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত