পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যে বেতছড়ি এলাকার মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “শেখ হাসিনা দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দ্রুত নির্বাচন দিয়ে দেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, “সৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে অহেতুক মামলা দিয়ে কারাবন্দি রেখেছিল। সেখানে তাঁকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা যেমন খালেদা জিয়ার ওপর জুলুম করেছে, তেমনি তাঁর নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালিয়েছে।”
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, “বিএনপির কোনো নেতা যদি সাংগঠনিক পদে থেকেও অন্যায়, অত্যাচার বা জুলুম-নির্যাতন করে, তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমরা সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেব। বিএনপি জুলুমের রাজনীতি করে না, বিএনপি মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে।”
অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রফ রাজা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা যুবদলের সহ-সভাপতি সোহরাব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন দীঘিনালা উপজেলা জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত