দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাকবলিত খাগড়াছড়ির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। দুর্গত মানুষের জন্য যা যা প্রয়োজন, সরকার পর্যায়ক্রমে সব ধরনের সহায়তা নিশ্চিত করবে। আপাতত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ জুলাই ২০২৬) বিকেলে খাগড়াছড়ির বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রীও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর রাখছেন এবং তাঁর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে খাদ্য সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হলেও পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণ, অবকাঠামো সংস্কার এবং কৃষিজমির ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদান করা হবে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বিত ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত