পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা-রামগড় সীমান্ত সড়কে ইউএনডিপি-ইআরআরডি-সিএইচটি প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়নাধীন "করলিয়া" প্রকল্পের উদ্যোগে ১ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
রবিবার (২ আগস্ট ২০২৬) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। যে এলাকায় গাছ রোপণ করা হয়েছে, সেখানে সংশ্লিষ্ট উপকারভোগী কমিটিকে গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।
তিনি আরও বলেন, যেসব এলাকায় রোপণ করা গাছের সর্বোত্তম পরিচর্যা ও সফলভাবে বড় করে তোলা হবে, সেই উপকারভোগী কমিটিকে পুরস্কৃত করা হবে।
এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় করলিয়া প্রকল্পের জেলা কর্মকর্তা নবলেশ্বর দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হরিপদ ত্রিপুরা, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং মাটিরাঙ্গার ধনিরামপাড়ার কার্বারী ধরনী ত্রিপুরা।
এ সময় করলিয়া প্রকল্পের টেকনিক্যাল অফিসার, মনিটরিং অফিসার, উপজেলা ক্লাইমেট ফ্যাসিলিটেটরবৃন্দ, নারী জলবায়ু সহনশীল কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, করলিয়া প্রকল্পের আওতায় চলতি বছরে খাগড়াছড়ি জেলায় ২১ হাজারের বেশি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উদ্বোধনী দিনে মাটিরাঙ্গা-রামগড় সীমান্ত সড়কের বিভিন্ন স্থানে ১ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত