নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির উদ্যোগে আয়োজিত ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সনাকের সভাপতি বেলা রাণী দাশ। সঞ্চালনা করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) খাগড়াছড়ির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ নূরুল আলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনোয়ার কবির। এছাড়া বক্তব্য দেন সনাক সদস্য মর্তুজা পলাশ, টিআইবির ক্লাস্টার কোঅর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দীন এবং খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন।

আলোচনা সভায় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরন, কারণ, প্রভাব, প্রতিরোধের উপায় এবং বিদ্যমান আইনি ও সামাজিক সুরক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়। এতে মাদ্রাসার ছাত্রীরা ও টিআইবির ইয়েস সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা, উদ্বেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফারিয়া সুলতানা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা, সাহসিকতা এবং দ্রুত অভিযোগ জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের যেকোনো ধরনের হয়রানি, সহিংসতা বা বৈষম্যের ঘটনা গোপন না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরও শেয়ার করেন।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু প্রশাসনের নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সমাজেরও যৌথ দায়িত্ব। নারীদের অভিযোগ জানাতে উৎসাহিত করা এবং সামাজিকভাবে সহায়ক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সহিংসতা প্রতিরোধ সম্ভব।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের জন্য হয়রানি, সহিংসতা ও বৈষম্যসংক্রান্ত অভিযোগ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে একটি অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সহিংসতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত