দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ২০ নং আইন)-এর ধারা ১২(১)(গ) এর বিধান মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্ব থেকে বিরত) জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে চলতি বছরের ৭ জুলাই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দিয়েছিল মন্ত্রণালয়।
জানা যায়, জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যের অবমূল্যায়ন, খারাপ আচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ আদায়সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠে। এ বিষয়ে দাখিলকৃত অভিযোগের তদন্তও বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে চলমান রয়েছে।
২০২৪ সালের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নানা মহলে সমালোচনার মুখে পড়েন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত