খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় ভাসমান সবজি বিক্রিকে কেন্দ্র করে এক নারী ব্যবসীকে মারধর, শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ৮টা ৪৪ মিনিটে খাগড়াছড়ি বাজারের নারায়ণ মন্দির রোডে তাহের রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা এজাহারে বলা হয়েছে, বাজারে ভাসমান সবজি বিক্রিকে কেন্দ্র করে এক নারী ব্যবসায়ীর সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী মো. ওমর ফারুকের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্ত ওই নারীকে ঘুষি মেরে আহত করেন, টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. ওমর ফারুক (৩৭)-কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় এফআইআর নং-০২, জিআর নং-৬৪ হিসেবে বাংলাদেশ দণ্ডবিধির ৩০৭ (হত্যাচেষ্টা), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত), ৩৫৪ (নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা বলপ্রয়োগ) এবং ৫০৬ (ফৌজদারি ভয়ভীতি প্রদর্শন) ধারায় মামলা রুজু করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, ঘটনার পর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত