নতুন শিক্ষাজীবনের শুরুতে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ সরাফত হোসেন, উপাধ্যক্ষ আতিকুর রহমান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষ আরিফুর রহমান সোহেল।
এ ছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু, মো. নুরুল আবছার ও তাছলিমা সিরাজ সীমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা।
বক্তারা বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হয়েছে। পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত