খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবির দাবি, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে সীমান্ত পিলার ২৬২/২৬-এস সংলগ্ন জানমারাটিলা ডাউন এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পাচারকারী মালামাল ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
পরে গতকাল শুক্রবার ভোররাতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। বস্তাগুলো তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ৩১ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেটের ৪৭ কার্টন পাওয়া যায়।
বিজিবির হিসাবে জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
জব্দ করা অস্ত্র, মাদক ও অন্যান্য পণ্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত