আবুল হাসনাত তুহিন ফেনী:-ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা’ এমন স্লোগান দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে ফেনী জেলার নেতা-কর্মীদের মুখে প্রতিধ্বনিত হয়েছে।আজ থেকে তিনি আর আমাদের মাঝে নেই।
ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়ার। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে তাঁর মৃত্যুর খবর এলাকার মসজিদে প্রচার করার পর শোকে স্তব্ধ গ্রামের স্বজন ও নেতা-কর্মীরা।
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত চেয়ে আজ সকালে তার পৈতৃক বাড়িতে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়।বাড়ির সামনে পতাকাস্ট্যান্ডে কালো পতাকা টাঙানো হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই স্থানীয় ও জেলার নেতাকর্মী এবং সাধারণ মানুষ তার স্মৃতিবিজড়িত এই বাড়িতে ভিড় করছেন।
খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদারসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তার স্মৃতিচারণ করেন।
খালেদা জিয়ার চাচাতো ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামীম মজুমদার স্মৃতিচারণা করে বলেন, বেগম খালেদা জিয়া একজন বিনয়ী নেত্রী ছিলেন।
তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী থাকা অবস্থায় অনেকবার এ বাড়িতে এসেছেন। তিনি বাড়ির পুকুরঘাটের পাশে একটি নিমগাছ রোপণ করেছিলেন, যা এখনো আছে। তিনি এই বাড়িতে যখনই আসতেন, সরকারি প্রটোকল ভেঙে দলীয় নেতা-কর্মী ও বাড়ির লোকজনের সঙ্গে কুশল বিনিময় করতেন।
এদিকে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, দেশনেত্রীর মৃত্যুতে আমরা এতিম হয়ে গেলাম। এতদিন স্লোগানে বলতাম ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা।
আজ থেকে তিনি আর আমাদের মাঝে নেই, একথা ভাবতেই কষ্ট লাগছে। আমি তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বেগম জিয়া আমাদের ফেনী বাসীর গর্বের প্রতীক ছিলেন। তাকে নিয়ে আমরা সব জায়গায় গর্ব করতাম। ফেনী এক আসন থেকে তিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।
এখান থেকে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আজ তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো সেটি আর পূরণ হওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে অংশ নিয়েছেন, ততবারই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ফেনী ১ আসন থেকে। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ফেনী-১ আসন থেকে পাঁচবার জয়লাভ করেছেন।
তিনবার প্রধানমন্ত্রী ও দুবার বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারও তাঁর পক্ষে ফেনীতে মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত