এম আমির হোসাইন, পটুয়াখালীঃ ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘হামাসের যোদ্ধারা, লও লও লও সালাম’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’ ইত্যাদি শ্লোগানে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় দুমকিতে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছন।
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত’র সভাপতিত্বে ও দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেনের সঞ্চালনায় এ বিক্ষোভ শেষে সমাবেশে ছাত্রদলের শাহাদাৎ হোসেন, সুমন শরীফ, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন, ওবায়দুল ইসলাম ও সাইফুল ইসলাম সাঈদ বক্তব্য রাখেন।
সমাবেশে সভাপতি সহ বক্তারা বলেন, 'ফিলিস্তিন মানুষের যুগ যুগ ধরে যে বর্বর নির্যাতন, নিপীড়ন চলছে সেই জায়গায় বিশ্ব-মানবতা আজ নীরব। পৃথিবীর বুকে বড় ইসলামিক রাষ্ট্র আছে কিন্তু তারা কোনো কথা বলছে না। এটা কোনো ধর্মযুদ্ধ না, এটা আসলে মানবতার যুদ্ধ।
পৃথিবীর সকল মানুষের উচিত ফিলিস্তিনিদের পাশে এসে দাঁড়ানো। যেভাবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে আগামী কয়েক দশকের মধ্যেই পৃথিবীতে যে ফিলিস্তিন নামক একটি দেশ ছিল, গাজা নামের একটি উপত্যকা ছিল সেটা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। গাজার প্রত্যেকটি শিশুর কান্না আমাদেরকে কাঁদিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের প্রত্যেকটি হত্যাকান্ড আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।
শুধু ইসরায়েল বিরোধী শ্লোগান দিয়ে, জায়ানবাদ বিরোধী শ্লোগান দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের মুক্ত করা যাবে না। ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শিশু রাষ্ট্র। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের পতন না হলে ইসরায়েলের পতন সম্ভব না। ফিলিস্তিনের মুসলমানদের মুক্তির জন্য আমরা প্রয়োজনে যুদ্ধে যেতে প্রস্তুত।
যারা মানবাধিকার নিয়ে চিৎকার করে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মুসলমান কিংবা ভিন্ন ধর্মের একজন মানুষের রক্ত যদি আপনাদের হৃদয় স্পর্শ করতে না পারে তাহলে আপনারা মানবাধিকারের কর্মী নন। আপনাদের এই কাজটি হচ্ছে-পৃথিবী শাসন করার একটি কৌশল।
গাজায় যে গণহত্যা চলছে সেটা কোনো রাজনীতি কিংবা অর্থনীতিকে সমর্থন করে না। যারা গণতন্ত্রের নামে সারা বিশ্বে পুঁজিবাদ কায়েম করে শাসন করতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে চাই, গাজার এই রক্ত আপনাদের সকল প্রয়াসের বিরুদ্ধে যায়, আপনারা সবাই স্ববিরোধ মুক্ত হন, মানুষ হন তারপর পৃথিবী শাসন করেন।
ইসরায়েল ফিলিস্তিনে যে হামলা চালাচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বিশ্ববিবেক ও আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা অতি দ্রæত গাজাবাসীর পাশে দাড়ান এবং গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেটি বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। আমরা ইসরায়েলের পণ্য বয়কট করবো।
ক্রয় এবং খাওয়া ও ব্যবহার করা থেকে বিরত থাকব, কিন্তু আমরা কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট করবো না, যেহেতু ইসলাম এগুলো সমর্থন করে না। ছাত্রদল দেশের সকল ব্যবসায়ীদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত