খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহ নির্মাণে ঢেউটিন এবং স্থানীয় তরুণদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২১ সেপ্টেম্বর) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে এসব সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে গত বছরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে কেরাম বোর্ডসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, রামসু বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও জীবনযাত্রার মানোন্নয়নে সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে হুইলচেয়ার, শিক্ষা উপকরণ, সেলাই মেশিন, সোলার ল্যাম্পপোস্ট, দোকানঘর নির্মাণ ও দোকানের প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়, স্থানীয় মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে শান্তি, সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়।
সহায়তা পাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত