খাগড়াছড়ির গুইমারায় পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে গুইমারা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে গুইমারা উপজেলা গঠিত হলেও এখনও পর্যন্ত এখানে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হয়নি। ফলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরের হাসপাতালে ছুটতে হয়। এতে অনেক সময় চিকিৎসা সেবা না পেয়ে প্রাণহানির ঘটনাও ঘটে।
বক্তারা আরও বলেন, গুইমারায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না, যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হতে হয় স্থানীয়দের।
তারা বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন—এই দুটি প্রতিষ্ঠান গুইমারার মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক। তাই দ্রুত এই দুটি প্রতিষ্ঠান স্থাপন করা প্রয়োজন।"
মানববন্ধনে বক্তব্য রাখেন ধর্মীয় প্রতিনিধি স্বপন চক্রবর্তী, মাওলানা ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি চাইরেপ্রু মারমা, সাংবাদিক আব্দুল আলী, মাঈন উদ্দিন বাবলু, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরা ও আরমান হোসাইন, পেশাজীবী আবু বক্কর, মাগফার হোসেন এবং সমাজসেবক সাইফুল ইসলাম সোহাগ ও মো. ইউসুফ প্রমুখ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকার তাদের এই ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করবে, যাতে গুইমারাবাসী উন্নত স্বাস্থ্যসেবা ও অগ্নি-নিরাপত্তা সুবিধা পেতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত