এস এম রবিউল ইসলাম রুবেল: চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে ৩,৯০০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার রাতের এই অভিযানে নেতৃত্ব দেন ডিএনসির উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাস।
পুরো অভিযানের তত্ত্বাবধান করেন চট্টগ্রাম মেট্রো উপঅঞ্চলের উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকার।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুস সালাম মোল্লা (৫৪)। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা। পিতা মৃত আব্দুল তাহের মোল্লা, মাতা রাজুমন বেগম, এবং স্ত্রী মাহমুদা বেগম।
ডিএনসি সূত্রে জানা যায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার কামরাঙ্গিরচর, বগুড়া, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, শুরুতে প্রতি পিস ইয়াবা ৪৫ টাকায় কিনলেও বর্তমানে তা ১২০ টাকায় সংগ্রহ করতে হয়।
গ্রেফতারের আগের রাতে তিনি কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেলে অবস্থান করেন এবং ইয়াবা লেনদেন করেন সমুদ্র সৈকতের আশপাশে, যাতে সহজে কারো সন্দেহ না হয়।
এ ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরও অনুসন্ধান চলছে এবং মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত