এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ দেশের চা শিল্পে নতুন রেকর্ড গড়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। গত ৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রাম চা নিলামে কোম্পানির ১২টি চা বাগানের উৎপাদিত ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়েছে কেজিপ্রতি গড়ে ২৮৬ টাকা ৫৯ পয়সা দরে, যা সরকার নির্ধারিত ২৪৫ টাকার ফ্লোর প্রাইসের চেয়ে ৪১ টাকা ৫৯ পয়সা বেশি।
নিলামে কোম্পানির প্রতিটি বাগানের চায়ের গড় বিক্রয় মূল্য ছিল কেজিপ্রতি ২৮০ টাকার বেশি। একই নিলামে ১২টি বাগানের সবগুলোর এমন উচ্চ গড় মূল্য অর্জন কোম্পানির ইতিহাসে প্রথম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ নিলামে মোট বিক্রয় আয় হয়েছে ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত তাদের চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং গুণগত মানোন্নয়ন কার্যক্রম এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে দাবি কোম্পানির।
কোম্পানির সচিব এ. কে. আজাদ চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন চা উৎপাদন ও দেশের চা শিল্পের উন্নয়নে ন্যাশনাল টি কোম্পানি ভবিষ্যতেও কাজ করে যাবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত