জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়। শুক্রবার (৩ জুলাই) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম পেচুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় ডিবির একটি চৌকস দল।
অভিযানের সময় অনলাইন জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার দোগাছী পেচুলিয়া এলাকার মো. জিসান (২৩), পশ্চিম পেচুলিয়া এলাকার মো. হাসান আলী (২৭), মিশন খাস পাওনান্দার এলাকার মো. সাজ্জাদ হোসেন (১৯), নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার পশ্চিম রূপনারায়ণপুর এলাকার নীরব বর্মন (২২) এবং রামরামপুর তেলিপাড়া এলাকার মো. বায়েজিদ বোস্তামী (২০)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত