আজহার হোসেন, মানিকগঞ্জ: আসন্ন জাগীর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মো. জিয়াউর রহমান জিয়া। তিনি মানিকগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর মরহুম বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু এবং তাঁর স্ত্রীর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন জিয়াউর রহমান জিয়া। এ সময় তাঁর সঙ্গে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জয়রা, বাইচিল, উকিয়ারা, ঢাকুলি, গুড়খি, জাগীর, মেঘশিমুল, পুলিশ ক্যাম্প বাজার ও দেড়গ্রাম বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি পোস্টারের মাধ্যমে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
জিয়াউর রহমান জিয়া বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও সমস্যাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করবেন।
শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। এলাকার মানুষের কল্যাণে কাজ করা এবং জাগীর ইউনিয়নের সার্বিক উন্নয়নই তাঁর মূল লক্ষ্য।
এদিকে তাঁর প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। সমর্থকেরা আশা প্রকাশ করছেন, নির্বাচনে সুযোগ পেলে জিয়াউর রহমান জিয়া জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত