বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ'র আয়োজনে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব ‘বৈসু’ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালির শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনপুরস্থ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে সহস্রাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে র্যালি জুড়ে ছিল নৃত্য, বাদ্যযন্ত্র ও আনন্দঘন চিত্র।
র্যালির পূর্বে টাউন হল প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন ও ২০৩ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি কমল বিকাশ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত খাগড়াছড়ি ডিজিএফআই’র ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মো. আরিফ, এএসইউ’র ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুদাসসার মুনাওয়ার রাজগীর, খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছসহ বিভিন্ন রাষ্ট্রীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, বৈসু উৎসব পার্বত্য অঞ্চলের ত্রিপুরা জনগোষ্ঠীর শতবর্ষীয় ঐতিহ্য। এ উৎসব নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত হয়ে থাকে, যা সামাজিক মিলন, সম্প্রীতি এবং সংস্কৃতির অনন্য বহিঃপ্রকাশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত