ময়মনসিংহের ত্রিশালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৭ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের দায়ে এক ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবনের নকশা অনুমোদন না পাওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিশাল পৌর এলাকার মোদকপট্টিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করা হয়। তদন্তে দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের নকশা অনুমোদন ছাড়াই সাততলা বাণিজ্যিক ভবনের নির্মাণকাজ চলছিল।
এ ঘটনায় ভবনের মালিক প্রদীপ মোদক (৬২), পিতা- মনিন্দ্র মোদক, ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবনের নকশা অনুমোদন না হওয়া পর্যন্ত নির্মাণকাজ সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। এ সময় ত্রিশাল থানার পুলিশ সদস্য এবং মোবাইল কোর্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ, অনুমোদিত নকশা পরিবর্তন কিংবা নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ পরিচালনার মতো অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত