ইমরান হাসান, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাটিপাড়া দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মানিক মিয়ার ছেলে জিসান (২০) এবং ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুড়ি এলাকার মৃত সুরজত আলীর ছেলে সিরাজ (২২)।
জিসান বর্তমানে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ভাড়া বাসায় থেকে প্রতিদিন ত্রিশালে এসে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও তারা স্থানীয় ডিম ব্যবসায়ী আতাউর রহমানের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন।
দুপুরের দিকে ভবনের তৃতীয় তলার ছাদ থেকে লোহার রড নামানোর সময় অসাবধানতাবশত রডটি পাশ দিয়ে যাওয়া সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে।
এতে রডটি বিদ্যুতায়িত হয়ে পড়লে দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের তীব্র আঘাতে তারা তিন তলার ছাদ থেকে নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোহার রডটি পাশের সচল বিদ্যুৎ লাইনের সঙ্গে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত