ইমরান হাসান, ত্রিশাল(ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে উপজেলার বীররামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী সাইফা আক্তার (৮) রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। পরে স্থানীয় এলাকাবাসী তাদের সঙ্গে যোগ দিয়ে স্পিড ব্রেকারের দাবিতে ত্রিশাল-বালিপাড়া সড়ক অবরোধ করে রাখেন।
পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিলুফার হাকিম এবং ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ উপস্থিত হয়ে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ, আহত শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্বগ্রহণ এবং দোষী সিএনজি চালককে গ্রেফতারের আশ্বাস দেন। এ সময় অবরোধকারীরা অবরোধ তুলে নেন।
আহত শিক্ষার্থী সাইফা আক্তার বীররামপুর উজানপাড়ার কামরুল ইসলামের মেয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিপ্রা সরকার জানান, উক্ত স্থানে গত এক বছরে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হয়েছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, “ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, “শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত