ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার প্রধান সহকারী এছাহাক আলীর বিরুদ্ধে কমিশন বাণিজ্য, টেন্ডার ও নিয়োগে অনিয়ম, পৌর মার্কেটের অর্থ আত্মসাৎ এবং উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও তিনি কোটি টাকার আলিশান ভবন নির্মাণ করেছেন এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন সুবিধা ব্যক্তিগতভাবে ভোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, পৌর মহিলা বিপণি কেন্দ্রের দোকান থেকে অতিরিক্ত অর্থ আদায় করে কম টাকা কোষাগারে জমা দেওয়া, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ১০–২০ শতাংশ কমিশন গ্রহণ, টেন্ডার ও নিয়োগ বাণিজ্য এবং নজরুল জন্মজয়ন্তীর কাজে ব্যবহৃত ইট নিজ বাসায় নেওয়ার মতো অনিয়মে তিনি জড়িত।

এছাড়া তাঁর বাড়ির সামনে পৌর অর্থায়নে সড়ক ও ড্রেন নির্মাণ নিয়েও প্রশ্ন উঠেছে।
সাবেক জনপ্রতিনিধি ও একাধিক কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করেছেন, প্রশাসনের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছেন।
এ বিষয়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এছাহাক আলীর বক্তব্য পাওয়া যায়নি। ত্রিশাল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী সংবাদ প্রকাশ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত