দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে সমীরণ দেওয়ান খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সমীরণ দেওয়ান ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার কাছে পরাজিত হন।
এরপর দীর্ঘ সময় তাকে খাগড়াছড়ির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দেখা যায়নি বলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের একটি অংশ দাবি করে আসছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত