মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় ভোলার তজুমুদ্দিন উপজেলার জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধার দিকে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুরা গ্রামের বাচ্চু গাজীর ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
এসময় তাদের কাছ থেকে ৩২২ পিস ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতারকৃতা হলেন, মো. সাইদুর রহমান (৩৮) বাউফল পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমান সিকদারের ছেলে।
তিনি ভোলার তজুমুদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
অন্যরা হলেন,মারুফ বিল্লাহ সুমন (৪৫) একই উপজেলার কালাইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল খালেকের ছেলে ও বাচ্চু গাজী (৫০) দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বগুড়া গ্রামের বাসিন্দা আজাহার গাজীর ছেলে।
পুলিশ জানায়,দশমিনা উপজেলার বাচ্চু গাজী দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসার সাথে জড়িত। গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল বাচ্চু গাজীর বসত ঘরে অভিযান চালায়।
অভিযান পরিচালনা করে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে বাচ্চু গাজীর ঘর থেকে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।এ সময় সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের কাছ থেকে ১০০ পিস, সুমনের কাছ থেকে ১০৭ পিস এবং বাচ্চু গাজীর কাছ থেকে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, খোঁজ খবর নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
দশমিনা থানার ওসি মোহাম্মাদ আবদুল আলীম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত