এম আমির হোসাইন, পটুয়াখালীঃ দুমকিতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘ'র অর্থায়নে আজ রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি প্রদান এবং উচ্চশিক্ষায় অনুপ্রাণিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
শিক্ষা উন্নয়ন সংঘের সভাপতি সাফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতিকুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টমেড লিমিটেড'র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান প্রকৌশলী এম এ হক।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন, প্রেসক্লাব দুমকি'র সভাপতি জসিম উদ্দিন সুমন।
শিক্ষা উন্নয়ন সংঘের উপদেষ্টা গাজী বাইজিদ মাহমুদ, নীতিনির্ধারণী ফোরামের সদস্য মো. সাইফুল ইসলাম শাওন, মো. ফিরোজ মাহমুদ নাসির, ওবায়দুল ইসলাম রাকিব, গাজী আতিকুর রহমান শাওন ও মনোয়ার হোসেন মুন্না। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আতিকুর রহমান শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে সতর্ক করে বলেন, বর্তমানে শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা মোবাইল আসক্তি।
ইন্টারনেট ব্যবহারের সময় অজান্তেই মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, যা তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে নেতিবাচক প্রভাব ফেলছে। এ সময় তিনি মোবাইলের অপব্যবহারকে ‘দাজ্জালের ফিতনা’র সঙ্গে তুলনা করে শিক্ষার্থীদের প্রযুক্তির নিয়ন্ত্রিত ও ইতিবাচক ব্যবহারের আহ্বান জানান।
শিক্ষা উন্নয়ন সংঘের কার্যক্রমের প্রশংসা করে তিনি আরও বলেন, সংগঠনটির শিক্ষাবান্ধব উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, অর্জিত জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতাও তৈরি করতে হবে।
আলোচনা শেষে অতিথিরা ৭০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও বৃত্তি তুলে দেয়া হয়।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে উৎসাহ জোগানোই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও মেধা বিকাশে সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত