নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও রানীখং উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে আয়োজিত এসব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক, ইভটিজিং, জুয়া, অনলাইন জুয়া, চুরি, গরু চুরি, বাল্যবিবাহ ও চোরাচালানের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া মাদক ও জুয়ার নেশা নির্মূলে নেত্রকোণা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। তবে এসব অপরাধ প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী ইভটিজিং এবং সাধারণ মানুষের জানমালের ওপর আঘাত হানা চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে।
পাশাপাশি একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে সবাইকে অনড় থাকতে হবে।
কোনো ধরনের মানসিক সংকটে আত্মহত্যার পথ বেছে না নিয়ে জীবনকে ভালোবাসতে হবে এবং সংকট মোকাবিলায় পরিবার ও সংশ্লিষ্টদের সহযোগিতা নিতে হবে।
পুলিশ সুপার বলেন, “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নেই। আপনারা নির্ভয়ে অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আমরা একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত