নড়াইলের লোহাগড়া উপজেলায় জান্নাতি খানম (৩০) নামের এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোটাখোল ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতি খানম ওই গ্রামের সুমন শেখের স্ত্রী।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গৃহবধুর স্বামী সুমন শেখ ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন, জান্নাতি গ্রামে শশুর বাড়িতে সুমনের পরিবারের সাথে থাকতেন। গত বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান জান্নাতি।
পরে বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে এসময় তার সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙেন। এরপর ঘরের ভেতরে প্রবেশ করলে আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কি কারণে ওই গৃহবধু আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত