আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীতে একটি কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে নরসিংদী সদর থানা পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলী (২৫)কে গ্রেপ্তার করে।
সে সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। দুপুরে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।
ওসি বলেন, “এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ” নামের একটি ফেসবুক আইডি থেকে বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, খালি গায়ে থাকা এক ব্যক্তি একটি কুকুরের গলায় রশি বেঁধে এবং রশির অপর প্রান্তে একটি ইট সংযুক্ত করে নরসিংদীর নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে নিচের নদীতে ছুড়ে ফেলে দিচ্ছেন।"
ওসি এ আর এম মামুন জানান, ঘটনাটি বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। পরে ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নেটিজেনরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত