ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোণা পৌরশহরের মোক্তারপাড়া এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে মোক্তারপাড়া আদর্শ সোসাইটির উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, কবি তানভীর জাহান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুধীজন, তরুণ সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পরিষ্কার পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় স্থানীয় সরকার, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক উদ্যোগ একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে অংশগ্রহণকারীরা মোক্তারপাড়া এলাকার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
আয়োজকরা জানান, জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561
© সময়ের আবর্তন ২০২০ - ২০২৫ সর্বসত্ব সংরক্ষিত